
শাহে ইমরান, রামগঞ্জ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধের সৃষ্টি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আমার স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় অভিযুক্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছেন। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























