
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় অবস্থিত অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ এবং সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন।
অভিযুক্ত ইটভাটাগুলোর তালিকা এবং জরিমানার পরিমাণ: আড়িয়াবো এলাকার মেসার্স এমএম ব্রিকস, জরিমানা ২ লাখ টাকা,
মেসার্স হাকিম ব্রিকস ম্যানুফ্যাকচারিং-২, জরিমানা ২ লাখ টাকা, কর্ণগোপ এলাকার মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, জরিমানা ২ লাখ টাকা, মেসার্স এএসবি ব্রিকস-১, জরিমানা ২ লাখ টাকা ও এরাব এলাকার মেসার্স এইচ আর বি ব্রিকস, জরিমানা এক লাখ টাকা।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারায় অভিযুক্ত এসব ইটভাটার কার্যক্রম অবৈধ প্রমাণিত হয়। অভিযানের পর এসব ভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের এই অভিযান বায়ুদূষণ রোধ এবং পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইটভাটাগুলোর অনিয়ম এবং আইন অমান্য করার কারণে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানের সময় ইটভাটাগুলোর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে আইন ভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ সংগ্রহ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বায়ুদূষণকারী এবং পরিবেশের জন্য ক্ষতিকারক কার্যক্রমের বিরুদ্ধে তারা নিয়মিত পদক্ষেপ গ্রহণ করবে।





























