
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকার একটি লেক থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা ৩০০ ফিট এলাকার ৪ নম্বর ব্রিজ সংলগ্ন লেকের পানিতে একটি লাশ ভাসতে দেখে। তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
গ-সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানিয়েছেন, উদ্ধার হওয়া নারীর লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মৃতদেহটি নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সংশ্লিষ্ট সব দিক থেকে তদন্ত চলছে।





























