
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ভায়েলা এলাকায় ডি এ কে টেক্সটাইল নামের একটি তুলা ও সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্যমতে, কাজ চলাকালীন কারখানার লাইলিং মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করেন।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ৮টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছেছিল।
অগ্নিকাণ্ডে কারখানার তুলা, বালি, বকরম, চক, সুতার বাঁধন ও মেশিনারিজ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





























