
র্যাবের পোশাক পরে বগুড়ার কলেজছাত্র ফেরদৌস সরকারকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল একটি সংঘবদ্ধ চক্র। পুলিশের তৎপরতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চক্রের এক নারী সদস্যকে আটক এবং নরসিংদীর মাধবদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাতে বগুড়ার জহুরুলনগর এলাকার একটি ছাত্রাবাস থেকে ফেরদৌসকে তুলে নিয়ে যায় র্যাবের পোশাক পরিহিত কয়েকজন। পরে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন কোনো অভিযান চালায়নি। পরদিন অপহরণকারীরা তার পরিবারের কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার নগদ ও বিকাশের মাধ্যমে তিন লাখ টাকা পাঠালেও ফেরদৌসকে মুক্তি দেওয়া হয়নি। এর পর তার স্ত্রী মাহবুবা আকতার বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
মুক্তিপণের বিকাশ নম্বরের সূত্র ধরে পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালায়। শনিবার মিজমিজি এলাকা থেকে বিকাশে টাকা তুলতে আসা চক্রের এক নারী সদস্যকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, আটককৃত নারী অপহরণ চক্রের গুরুত্বপূর্ণ সদস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মাধবদী থেকে ফেরদৌসকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।
চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





























