
জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও চুরি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। পুলিশ জনগণের আস্থা অর্জন করে সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যদি অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি বা পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় তিনি পূজাকে ঘিরে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশের গৃহীত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করেন। পুলিশ সুপার বলেন, সকল সম্প্রদায়ের সহযোগিতায় দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুত।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হোসেন খাঁন, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





























