
জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি:
বিদ্যুৎ সাশ্রয় ও টেকসই জ্বালানি ব্যবস্থার অংশ হিসেবে সাতক্ষীরায় সরকারি ভবনসমূহে রুফটপ সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন, “সরকারি দপ্তর, স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছাদের ওপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এখন সময়ের দাবি। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব কুমার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, এবং ওজোপাডিকোর সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জোহা কিরণ।
সভায় রুফটপ সোলার প্যানেল স্থাপনের কারিগরি দিক, অর্থায়ন, রক্ষণাবেক্ষণ ও সরকারি নির্দেশনার আলোকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা তাদের অধীনস্থ প্রতিষ্ঠানে দ্রুত সোলার প্যানেল স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা প্রশাসনের এই উদ্যোগ সাতক্ষীরায় বিদ্যুৎ সাশ্রয়ের এক নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা জাগাচ্ছে।





























