
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিকÑ ছায়াপদ দাস (৪৫) ও নীল দাস (৬০)।
বুধবার বিকালে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার বড় পুকুরপাড়ে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন ছায়াপদ ও নীল দাস। হঠাৎ রেলিংয়ের পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান তারা। মুহূর্তেই প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত নীল দাসের স্ত্রী সন্ধ্যাবালা জানান, তার স্বামী রাজমিস্ত্রীর কাজ করতেন। তিনি নিজে অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এই মৃত্যু যেন তাদের জীবনকে আরও গভীর অন্ধকারে ঠেলে দিল।
সন্ধ্যাবালা কাঁদতে কাঁদতে বলছিলেন, “আমার স্বামী ছাড়া এই সংসার চলবে কীভাবে? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে?”
সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু কাউকে পাওয়া যায়নি। কেউ অভিযোগও দায়ের করেনি।





























