
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মিজমিজি দক্ষিণ সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নারীর পরনে কালো রঙের বোরকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সাত থেকে আট দিন আগের।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন ও পরিত্যক্ত বাড়ির আশপাশে কয়েকদিন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। দুর্গন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে এলাকাবাসী বাড়ির ভেতরে প্রবেশ করে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে ব্যাপক পচন ধরেছে। পচনের কারণে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতের পরিচয় নিশ্চিত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সিআইডি এবং পিবিআই কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের ভিক্টেরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত ও তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





























