
মোঃ ইব্রাহিম হোসেন : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন ছাউনি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ও ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলামের কর্মী মিল্টনের নাম জানা গেছে। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।আওয়ামীলীগ নেতাকর্মীরা বলেন, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মাহাবুবর রহমান। তার নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ এর সংসদ সদস্যের কর্মীরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এসময় তারা পরিদর্শন ছাউনীর পাশে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। পরে ডিএমপি (ডিবি) পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথভাবে এসে ৭ নেতাকর্মীকে আটক করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে।





























