
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাসে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুই চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পিরোজপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন ও মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, "গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা নিশ্চিত করতে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।"
উল্লেখ্য, গত রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে কেন্দ্রীয় সমন্বয়করা ঢাকা থেকে বান্দরবানের লামায় সাংগঠনিক কাজে যাওয়ার পথে সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় একদল ছিনতাইকারী তাদের মাইক্রোবাস থামিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।





























