
স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের তাহিরপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান পরিচালিত হয়েছে।শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩:৩০টা থেকে ৫:০০টা পর্যন্ত তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু এর নেতৃত্বে এ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকানে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় এবং পণ্য ক্রয়ের বৈধ রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার মতো অপরাধে ৬টি দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ সময় কাঁচাবাজার,ডিম, মাংস, মুদি ও ফলের দোকানসমূহে কঠোর নজরদারি চালানো হয় এবং ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য দ্রুত অপসারণ এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।উপজেলা প্রশাসন জানায়,বাজারে অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা হয়রানি রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।





























