
আবু রায়হান স্টাফ রিপোর্টার
টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের পেছনে মোটর সাইকেলের (স্কুটি) ধাক্কায় খালা ও ভাগনি নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১৮ দানা নামক স্থানে সূর্যমূখী অটোরাইসমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, লাইলী বেগম (২৮) এবং মদিনা আক্তার (১৮)। তারা সম্পর্কে খালা-ভাগনি। নিহতের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খালা লাইলী বেগমকে সঙ্গে নিয়ে মোটর সাইকেল যোগে (স্কুটি) মদিনা ঘাটাইলের তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শুক্রবার সকালে ফেরার সময় সামনে থাকা একটি ট্রাকের পেছনে স্কুটিটি ধাক্কা দেয়। এসময় তারা দুইজনেই মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। পরে বিকেলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





























