
মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের যুবলীগ নেতা জহির হত্যা মামলার স্বাক্ষীর নিকট দাবিকৃত চাঁদা না পেয়ে পরিবার ও স্বজনদের উপর হামলার অভিযোগ উঠেছে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় রায়হান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে তিতাস থানায় একটি মামলা করেছেন । ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকালে উপজেলার হাইধনকান্দি গ্রামের দ্বীন ইসলামের বাড়িতে।
এবিষয়ে ভুক্তভোগী হোসেন মিয়া সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, যুবলীগ নেতা জহির হত্যার মামলার স্বাক্ষী আমার ছোট ভাই হান্নান(২৫) ও চাচা মজিবুর রহমান (৭০)। এর জের ধরে হত্যা মামলার আসামি আব্দুল লতিফ ও মোকাররমের নেতৃত্বে অন্যান্য আসামিরা আমাদের পরিবারকে অত্যাচার করে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাকে তারা এলাকা থেকে তাড়িয়ে দিয়ে আমার মৎস্য প্রজেক্ট থেকে ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। তাদের ভয়ে আমি আমার ফুফাতো ভাইয়ের বাড়ি হাইধনকান্দি গ্রামে আশ্রয় নিলে সেখানেও গত ৮ এপ্রিল মঙ্গলবার সকালে আসামি লতিফ, মোকারমসহ ৩০/৪০ জন সন্ত্রাসী নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং চাঁদা দাবি করে। এতে আমার দুই ফুফাতো ভাইসহ তিনজন আহত হয়। এই ঘটনা আমরা ২৮ জনরে নাম উল্লেখ করে থানায় মামলা করছি। মামলা তুলে নিতে আসামিরা আমাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।
তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, ভিটিকান্দির হাইধনকান্দি গ্রামের ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দিতে মাছ ধরা নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে যুবলীগ নেতা জহিরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।



































