
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণক পাড়া গ্রামে গলায় গামছা পেঁচিয়ে আবু কালাম (১৮) নামে এক তরুণ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন।শনিবার (২১ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত আবু কালাম ওই এলাকার মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ ঘরে ঘুমাতে যান আবু কালাম। রাত আনুমানিক ৩টার সময় সেহরি খাওয়ার জন্য তার মা তাকে ডাকতে যান। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, কালাম গলায় গামছা পেঁচিয়ে চালের সাথে ঝুলে আছেন।তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও দেখা যায় তিনি ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কুড়িগ্রাম পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।





























