
এইচএম আবুবকর সিদ্দিক বাউফল | ২১ ফেব্রুয়ারি, ২০২৬আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাউফলে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালনের পর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গাজী গিয়াস উদ্দিন বলেন:"১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি চিরকাল তাদের কাছে ঋণী থাকবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে আত্মোৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। তাদের এই আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে পালিত হচ্ছে।





























