
“নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই স্লোগানে গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) সকালে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সম-অধিকার নিশ্চিত করি, নারীবান্ধব বিশ্ব গড়ি’, ‘১০৯ নম্বরে কল করি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’, ‘নারী নির্যাতন বন্ধ করি, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ি’ এমন লেখাযুক্ত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে এই র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলী, শিক্ষক পরিষদের সম্পাদক, সহযোগী অধ্যাপক মো. শামীম শরিফ। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ আয়োজন কমিটির আহ্বায়ক, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোসাম্মৎ শামিমা নার্গিস।
আলোচনা পর্বে বক্তারা বর্তমান সমাজে নারী ও কন্যা শিশুদের প্রতি বিভিন্ন সময়ে ঘটা সহিংসতার বিষয় নিয়ে আলোকপাত করেন এবং সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তোলে ধরেন।
সাংস্কৃতিক পর্বে উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলীর কণ্ঠে গান পরিবেশন সেমি-অডিটরিয়ামে আয়োজনের ভিন্নমাত্রা যোগ করে। আর কবিতা আবৃত্তি করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আখতার জাহান শাম্মী। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।





























