
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় মিষ্টির দোকান সংলগ্ন ৮টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার প্রচেষ্টায় রাত ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে ততক্ষণে দোকানগুলোর প্রায় সব মালামাল আগুনে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে কাঁচামাল, মুদি দোকান, চায়ের দোকান ও একটি হোটেল। আগুনে প্রায় ১১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় আনুমানিক ১৬ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী সাকিব হক জানান, "আগুন লাগার পর আমরা স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস এসে দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।"
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, "বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পাশাপাশি আমরা উদ্ধার কাজেও সফল হয়েছি।"





























