
নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর পর্যন্ত গ্যাস সরবরাহ লাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেলল ৩টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকাগুলোর সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি'র এনায়েতনগর-কাশিপুর জোনাল অফিসের ব্যবস্থাপক ও আবিবি-নারায়ণগঞ্জ-এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমান।
তিনি জানান, জরুরি ট্রায়াল শাটডাউন কার্যক্রমের অংশ হিসেবে ১২ ইঞ্চি × ১৪০ পিএসআইজি ভালভ, মুক্তারপুর ডিআরএস-এর ইনলেট ভালভ এবং ১২ ও ৮ ইঞ্চি ইন্টারলিংক ভালভ বন্ধ রাখা হবে। ফলে নির্ধারিত সময়ের জন্য গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে।
এই শাটডাউন কার্যক্রম চলাকালীন সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
তিতাস সূত্রে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। তবে কাজ দ্রুত শেষ হলে সময়ের আগেও সরবরাহ পুনরায় চালু হতে পারে।
এ বিষয়ে গ্রাহকদের সচেতনতা ও ধৈর্যের সঙ্গে সহযোগিতা কামনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।





























