
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজিরটেক গ্রামে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কালাপাহাড়িয়া ইউনিয়নের ওই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ঢাকায় পড়ালেখা করত এবং পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়িতে এসেছিল।
নিহতরা হলেন—হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) ও তার ভাগনী ইউসুফের মেয়ে ইসরাত (১২)।
প্রত্যক্ষদর্শী ও পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩টার দিকে বাড়ির পাশে ঘাটলায় গোসল করতে নামে খাদিজা ও ইসরাত। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে নেমে খাদিজার নিথর দেহের সঙ্গে ধাক্কা খায় এবং দ্রুত উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে ইসরাতের খোঁজে পানিতে তল্লাশি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর তার মৃতদেহও উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু ঢাকার একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। ঈদের পরদিন পরিবারের সঙ্গে গ্রামে আসার পর এমন দুর্ঘটনা গোটা এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে শোক ও কষ্ট বিরাজ করছে।





























