
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের বিভিন্ন প্লাটফর্মে দূর দূরান্ত থেকে আসা অপেক্ষমাণ ট্রেন যাত্রীদের সাথে থাকা স্বর্ণালঙ্কার ও নগদঅর্থসহ বিভিন্ন জরুরি জিনিসপত্র ছিনতাই ও চুরি অহরহ ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪জুন) রাতে আখাউড়া রেলওয়ে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে রেলওয়ে প্লাটফর্ম ছিনতাইকারী, চোর ও ভ্রাম্যমান অপরাধী হিসেবে চার জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের মৃত সানু মিয়ার ছেলে মো. মোজাম্মেল হক সাগর (৪০), নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার আদিয়াবাদ (পিপিনগর) গ্রামের মো. শামছু মিয়ার ছেলে মো. আব্বাস মিয়া (৩৫), নবীনগর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৩২) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি (কাজিরগাঁও) গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২৯)। তারা সর্বদা আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করেন বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীরা রেলপথের ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য ও চিহ্নিত ছিনতাইকারী,পকেটমার, মোবাইল চোর এবং প্ল্যাটফর্মের নিয়মবহির্ভূত ভ্রাম্যমাণ অপরাধী। রাতে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। এবং আইনী প্রক্রিয়া শেষে বুধবার বেলা ৩ টায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। তবে তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।





























