
গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের শূরা-ই-নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ৯টা ২০ মিনিটে। আখেরি মোনাজাত পরিচালনা করেন শূরা-ই-নেজামের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। এদিকে, পাঁচ দিনে এই ইজতেমায় অংশ নেয়া চার মুসল্লি মারা গেছেন।
মোনাজাতে মুসলমানদের মধ্যে ঐক্য, দুনিয়া ও আখিরাতের শান্তি, দেশের কল্যাণ, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বিপদ থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ (শুরা-ই-নেজামের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি বলেন, রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে হায়দার আলীকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিন কাউসার আলী নামে আরো একজন মারা গেছেন। ইজতেমার চতুর্থ দিনে সোমবার শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তার ছেলের মাধ্যমে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। সোমবার বাদ ফজর ইজতেমা মাঠে জানাজা শেষে নিজ বাড়িতে নিয়ে যায় তার পরিবার।’
তিনি আরো বলেন, এ ছাড়াও গত শুক্রবার বাদ আসর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দুলালী গ্রামের আব্দুল হামিদ মাতাব্বেরের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২) ইজতেমায় মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এবারের জোড় ইজতেমায় চার মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার তাসবিহ-তাহলিল, জিকির-আসকার ও নফল ইবাদত বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে জোড় ইজতেমার চতুর্থ দিন। মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শূরা-ই-নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।





























