
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোকাররম মোল্লা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকাররম ওই গ্রামের উকিল উদ্দিনের ছেলে এবং তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং আকাশে বজ্রসহ ঝড়ো হাওয়া বইছিল। এ সময় মোকাররম নিজের বাড়ির পাশের গাছ থেকে সখের বসে আম কুড়াতে যান। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামাল হোসেন জানান, “রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়েছে।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারটি দাফনের প্রস্তুতি নিচ্ছে।





























