
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে সংঘবদ্ধ ডাকাতদের একটি দল চারটি দোকানে হানা দিয়ে সাড়ে ১০ লাখ টাকার মালামাল ও নগদ টাকা লুট করেছে। রোববার (২২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
বাজারের পাহারাদারদের সুপারভাইজার মামুন মোল্লা জানান, ভোরে প্রায় ১৫-১৬ জনের একটি ডাকাত দল একটি ট্রাকে করে বাজারে আসে। তারা প্রথমেই পাহারাদার মামুন মোল্লা ও বিল্লাল হোসেনকে (৭২) চাদর দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। এরপর তারা বাজারের চারটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ড্রয়ার থেকে নগদ টাকা লুট করে।
লিটন ট্রেডার্স মুদি দোকানের মালিক লিটন মিয়ার দোকানের ড্রয়ার ভেঙে আনুমানিক ৩ লাখ টাকা লুট করা হয়। শাজাহান স্টোরের
মালিক শাজাহান মিয়ার দোকান থেকে আনুমানিক ২ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। মেসার্স পোল্ট্রি ফিড এর মালিক মোহাম্মদ আল আমিনের দোকান থেকে লুট হয় আনুমানিক ৫ লাখ টাকা এবং রাজধানীর টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এর
মালিক মাহমুদুল হাসানের দোকান থেকে আনুমানিক ৫০ হাজার টাকা নিয়ে যায় তারা।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ডাকাতির ঘটনায় আমরা তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”





























