
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিলমান্দী এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে একটি অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী ভাটাটির মালিক পক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), আড়াইহাজার সার্কেল নঈম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করে।
অভিযানে শিলমান্দী এলাকার মেসার্স এএমবি ব্রিকস-এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইটভাটাটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল এবং বায়ুদূষণ সৃষ্টি করছিল। পরিবেশ সংরক্ষণে এটি বন্ধের প্রয়োজনীয়তা ছিল অত্যন্ত জরুরি।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটা ও দূষণকারী প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিবেশ আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।





























