
নারায়ণগঞ্জের আড়াইহাজারে র্যাব-১০ এর অভিযানে অস্ত্রসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ জুন) ভোরে উপজেলার চৌরাস্তা এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে চৌরাস্তা এলাকায় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে। এরপর ভোর ৪টা ১৫ মিনিটের দিকে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার ভুলতার ছোনাপ এলাকার মো. তরিকুল হোসেন (২৫), পিতা– তারা মিয়া এবং মুড়াপাড়া এলাকার মো. সুজন (২৯), পিতা– মো. নুরুল ইসলাম ওরফে নিরু মিয়া।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. সুজনের বিরুদ্ধে পূর্বে রূপগঞ্জ থানায় দুটি মামলা রয়েছে। একটি ২০১২ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অপরটি ২০১১ সালে দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়। এসব মামলায় তিনি আগেও গ্রেপ্তার হয়েছিলেন।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা পেশাদার সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসিরউদ্দিন জানান, “গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা অস্ত্রসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।”





























