
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে নাজিমুদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন শালমদী গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শালমদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের কাছ থেকে নাজিমুদ্দিন ১৫০০ টাকা ধার নিয়েছিলেন। সোমবার ইব্রাহিম তার পাওনা টাকা চাইতে গেলে নাজিমুদ্দিন জানান, বর্তমানে তার কাছে টাকা নেই এবং তিনি ধীরে ধীরে টাকা পরিশোধ করবেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম নাজিমুদ্দিনকে কিলঘুষি মারেন।
ঘটনার পর নাজিমুদ্দিন বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে নাজিমুদ্দিনের মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।





























