
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, রবিউলকে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রবিউল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে। তিনি গত রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, রবিউল রোববার সকাল নয়টার দিকে নাস্তা করে বাড়ি থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। সোমবার বিকেলে পাঁচরুখীর ফায়েজ উদ্দিনের বাড়ির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা সেখানে গিয়ে ভাসমান অবস্থায় রবিউলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্বজনরা শনাক্ত করেন।
নিহতের মামা ইয়াসিন মিয়া বলেন, “আমার ভাগিনা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওর কোনো শত্রুও ছিল না। কারা ও কেন তাকে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।”
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





























