
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবানে বিদ্যুৎপৃষ্টে হয়ে ৩ ম্রো নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের ১৯ মাইল দেওয়াই হেডম্যান পাড়ায় বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের দুইজনসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, দেওয়াই হেডম্যান পাড়ার রেংথেং ম্রো’র মেয়ে তুমলে ম্রো (১৭), মৃত পারাও ম্রো’র ছেলে উরকান ম্রো (৭১) এবং প্রতিবেশী মেনরাও ম্রো’র স্ত্রী রংলেং ম্রো (৩৫)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সুয়ালক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় গভীর রাতে ট্রন্সফর্মার বিস্ফোরিত হওয়ার সাথে সাথে যেসব ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল সব বাড়ি ইলেকট্রনিক শক হয়ে যায়। তাড়াহুড়ো করে তুমলে ম্রো ও উরকান ম্রো মেইন সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টের কবলে পড়েন। পাশে থাকা বাড়ির রংলেং ম্রো তাদেরকে বাঁচাতে চেষ্টা করলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। ঘটনাস্থলেই তুমলে ম্রো ও উরকান ম্রো নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পাড়াবাসীরা রংলেং ম্রো'কে জীবিত মনে করে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. দিলিপ চৌধুরী জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক নারীকে ভোররাত ৩টা ২০ মিনিটে হাসপাতালে আনা হয়, কিন্তু পথেই তার মৃত্যু হয়।
সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা জানান, রাত ২টার দিকে স্থানীয় লোকজন তাকে তিনজনের মৃত্যুর খবর জানান। তবে দুর্গম পাহাড়ি এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি বলে তিনি জানান।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও মিডিয়া) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।





























