
নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গি পার্কে দিনব্যাপী মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ আয়োজন করে জাঁকজমকপূর্ণ বিজয় উৎসব।
“আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে সাথে থাকুন, পাশে পাবেন” স্লোগানে উদযাপিত এ উৎসব ছিল মানবতার কল্যাণে এক অনন্য উদাহরণ।
অনুষ্ঠানে একজন বিধবা নারীকে সেলাই মেশিন এবং একজন বেকার পুরুষকে ১০,০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়, যা আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সংগঠনের মানবিক ভূমিকার দৃষ্টান্ত স্থাপন করে।
বিজয় উৎসবে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ খুরশিদ আলম, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভিকারুন নেছা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, মোহাম্মদ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার, মুহাম্মদ জামাল হোসাইন, উপ-পরিচালক, ইসলামী ফাউন্ডেশন , ই আ ম মাসুদ মজুমদার, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ও দেবাশীষ ভদ্র, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার।
উৎসবে যাদু প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সফল শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয়। র্যাফেল ড্র-এ প্রথম পুরস্কার জিতে নেন নরসিংদীর সাকিয়া জামান, দ্বিতীয় পুরস্কার মাদারীপুরের মৌসুমী, এবং তৃতীয় পুরস্কার নারায়ণগঞ্জের সাফিনা শরীফ হিরা।
অনুষ্ঠানের শেষে সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন, স্বাস্থ্য সচিব কাজী ইমরুল কায়েস এবং উপস্থিত মানবিক যোদ্ধারা সেবার মান উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
বিজয় উৎসবে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা এবং তরুণ নারী উদ্যোক্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
মানব কল্যাণ পরিষদের এই উদ্যোগ নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।





























