
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মহিষখলা বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে মো. মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সালাম নির্বাচিত হন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শাজাহান খন্দকার। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াৎ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার এবং উপজেলা বিএনপির সদস্য মো. কামাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও মো. সাজিবুল হক তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর, যুগ্ম আহ্বায়ক মো. শেখ ফরিদ এবং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সুজন মিয়া প্রমুখ।
দুপুর ২টা থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪০৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সভাপতি পদে মো. মোক্তার হোসেন ঘোড়া প্রতীকে ৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল হোসেন আনারস প্রতীকে মাত্র ১৩ ভোট পান। তবে তিনি(জামাল হোসেন) আগের রাতেই অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সালাম তালা প্রতীকে ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সৈয়দ হোসেন ফুটবল প্রতীকে পান ১২০ ভোট।
এছাড়া একক প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঞ্জুরুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. আবে হায়াৎ ও সহকারী নির্বাচন কমিশনার মো. আব্দুল কাইয়ুম মজনু নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।





























