
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) এর দুইজন যাত্রীকে ১৭ কেজি স্বর্ণসহ আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই ) কাস্টমস কর্মকর্তারা।
আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার রকমপুর গ্রামের হাসিব আলীর ছেলে সায়েদ আহমদ (২৪) ও জৈন্তাপুর উপজেলার দরবার পূর্ব বাইট গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৬)।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-২৫২। গোপন সূত্রে ওই ফ্লাইটে অবৈধ স্বর্নের চালান আসছে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এই তথ্যের ভিত্তিতে বিমাবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। এসময় ওই ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সৈয়দ আহমদ ও আফতাব উদ্দিনকে সন্দেহ হলে তাদের লাগেজ তল্লাশী করেন বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। তল্লাশিকালে চার্জার লাইট, ফ্যান ও থাই গ্লাসের লকের ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ স্বর্ণ। যার মধ্যে রয়েছে ১২০টি স্বর্ণের বার ও ৪টি পেস্ট। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম-উল-হক সত্যতা নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা দুই যাত্রীকে আটক করে। তাদের লাগেজ তল্লাশী চালিয়ে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালার উদ্ধার করা হয়েছে।





























