
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: নাটোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেকটিফাইড স্পিরিটসহ আব্দুস সালাম (৪২) নামের এক কথিত ডাক্তারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সদস্যরা।
গতকাল সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে সদর থানাধীন ভবানীগঞ্জের মোড় উত্তর পটুয়া পাড়া এলাকার বেঙ্গল হোমিও হলে অভিযান চালিয়ে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিটসহ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কথিত ডাক্তার জেলার সদর থানাধীন বলারী পাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।
ডিএনসি জানায়, মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানাধীন ভবানীগঞ্জের মোড় উত্তর পটুয়া পাড়া এলাকার বেঙ্গল হোমিও হলে অভিযান পরিচালনা করে। এসময় ডিএনসি’র সদস্যরা হোমিও হলের দ্বিতীয় তলার গোডাউন থেকে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করে।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে হোমিও হল থেকে ৫০৭ বোতল রেকটিফাইড স্পিরিটসহ কথিত ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় নাটোরে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।





























