
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসমিল্লাহ ডাইং নামে একটি কাপড় রং করার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পিলকুনি পুলপাড়া এলাকায় সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটিতে কাপড় রং করার সময় হঠাৎ একটি বয়লারে আগুন ধরে যায়। বয়লারে থাকা তরল দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ ও পাগলা স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, "এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বয়লার মেশিনসহ কারখানার কাপড় ও কাঁচামাল পুড়ে গেছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।"
এই ঘটনায় কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।





























