
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় দৃপ্তি ডাইং কারখানায় মাটি খোঁড়ার সময় দেয়াল ধসে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের পাশের ওই ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম আরাফুল ইসলাম (৩৫)। আহতরা হলেন—রাকিব, হৃদয় ও সোহেল। আহতদের আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "দৃপ্তি ডাইং কারখানায় চারজন শ্রমিক কোনো ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই মাটি খুঁড়ছিলেন। খোঁড়ার গভীরতা প্রায় ১০ ফুট হয়ে যাওয়ার পর হঠাৎ পাশের মাটি ও ইটের দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান আরাফুল ইসলাম। বাকি তিনজন গুরুতর আহত হন।"
তিনি আরও জানান, নিহতের মরদেহ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ডাইং কারখানার কোনো কর্মকর্তার তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।





























