
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজ থেকে হারেজ মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়া এলাকার শুক্কুর আলীর গ্যারেজে এই ঘটনা ঘটে। নিহত হারেজ মিয়া নীলফামারী সদর উপজেলার তালুক মানুষমারা গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
গ্যারেজের মিস্ত্রি খোরশেদ আলম জানান, সকালে গ্যারেজে এসে তিনি দেখেন হারেজ মিয়া কম্বল জড়িয়ে শুয়ে আছেন। তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কম্বল সরিয়ে দেখেন, তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। গ্যারেজ মালিককে বিষয়টি জানালে দেখা যায়, গ্যারেজে থাকা চারটি ইজিবাইকের মধ্যে দুটি নিখোঁজ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মাথা ও মুখে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।”





























