
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে সম্পৃক্ততার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লার কোতালেরবাগ মাদ্রাসা মাঠ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে আটক করেছে। গ্রেফতারকৃত কাজল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সদস্য এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালিয়ে হত্যার মতো গুরুতর অভিযোগও অন্তর্ভুক্ত।”
পুলিশ জানায়, কামরুল ইসলাম কাজল দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও নাশকতার একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘদিন ধরে তাকে নজরদারিতে রেখেছিল এবং গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ দল কোতালেরবাগ মাদ্রাসা মাঠে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও দক্ষতার সাথে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কামরুল ইসলাম কাজল ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকার শফিকুল ইসলামের ছেলে।





























