
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লাজা প্রাঙ্গণে শত-শত শিক্ষার্থী ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশগ্রহণ করে। তারা ফিলিস্তিনের শিশু, নারী ও সাধারণ মানুষের উপর চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিশ্ব বিবেককে জাগ্রত করার আহ্বান জানান।
প্রথম পর্বের মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে উপজেলার দয়ারামপুর বাজারের প্রধান সড়ক এলাকায় প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচী শেষ করেন। এসময় "গাজা গাজা চিৎকার কেন?", "ফিলিস্তিন হত্যার বিচার চাই", "ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র"সহ নানা প্রতিবাদী স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে রাখে শিক্ষার্থীরা।
বাউয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা মাছুদার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদমান আহমেদ তূর্য্য ও গাজাবাসীর জন্য বিশেষ মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আল আমিন প্রমুখ।





























