
জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় কৃষকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
কৃষক মো. আমিনুর রহমান বলেন, ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পায়, ভেতরে ঢুকে দেখি, দুটি দুধের গাভী ও একটি বাছুর চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, রাত আড়াইটা থেকে ভোর ৫ টার মধ্যে চোরেরা তালা ভেঙে গোয়ালঘরে ঢুকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
ঘটনার পরপরই তিনি আশপাশে খোঁজাখুঁজি করেন কিন্তু কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তিনি ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঝিকরগাছা থানার ডিউটি অফিসার আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাটি তদন্ত করছে।





























