
ইয়ার রহমান আনান,কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় বদরখালী ইউনিয়নে দ্রুতগতির অটোরিকশা থেকে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এক যুবককে গুলি ছুড়ে হত্যা করেছে। শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাত ১টার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে।ওই যুবকের নাম সুহায়েত।
তিনি বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অটোরিকশা থেকে টার্গেট করে গুলি ছুড়ে সুহায়েত নামের ওই যুবকের মৃত্যু নিশ্চিত করা হয়। একটি গুলি সুহায়েতের ঘাড়ে লাগলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
এই ঘটনার পর ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।





























