
তরফদার মামুন:মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘রাজাপুর সেতু’ সংলগ্ন এলাকায় সেতুর নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক দাবিতে শনিবার (১ ফেব্রুয়ারি) মানববন্ধনের আয়োজন করা হয়েছে। হাজীপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
স্থানীয়দের অভিযোগ, ৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এখনো চালু হয়নি, তার আগেই সংলগ্ন এলাকায় বালু উত্তোলনের কারণে এটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আয়োজকরা জানান, সেতুর সুরক্ষা নিশ্চিত করতে বালুমহাল ইজারা স্থায়ীভাবে বন্ধ করা, সংযোগ সড়কের নির্মাণ দ্রুত সম্পন্ন করা এবং রাজাপুর ও ধলিয়া বেড়িবাঁধের উন্নয়ন কাজের অগ্রগতির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে এসব দাবির বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। প্রায় চার বছর আগে সেতুটির নির্মাণকাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক তৈরি না হওয়ায় তিনটি ইউনিয়নের বাসিন্দারা উপজেলার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থেকে বঞ্চিত।
সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকরা রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।





























