
মোতালেব হোসেন(কুমিল্লা প্রতিনিধি)।।
কুমিল্লায় চালের বাজারে সিন্ডিকেট, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়া এলাকায় একাধিক অটো রাইস মিলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মিলগেট মূল্য ও উৎপাদনের তারিখবিহীন চাল বিক্রি, অবৈধভাবে চাল মজুদ এবং নামিদামি ব্র্যান্ডের ব্যাগে স্থানীয় চাল ভরে বাজারজাত করার অভিযোগে দুইটি মিলকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো— “জাপান-বাংলা অটো রাইস মিল” (২০ হাজার টাকা ) এবং “মেসার্স আব্দুল মান্নান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ”(৪০ হাজার টাকা)।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলার খাদ্য পরিদর্শক সুভাষ চন্দ্র দেব নাথ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।





























