
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মধ্যনগর উপজেলা সদরে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভায় মিলিত হয়।
পথসভা শুরুতে ‘জুলাই আন্দোলন’-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ এবং সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।
পথসভায় আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার ও মো. মোশাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. মুক্তার হোসেন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সুজন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম সাইফুল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোছাব্বির তালুকদার সাগর প্রমুখ।





























