
আতিক ফারুকী, নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের মধ্যনগরে ইজারাবিহীন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পৃথক দুটি অভিযানে ৫টি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে মধ্যনগর সদর ইউনিয়নের তোলীপাড়া এলাকার মসজিদের পাশে এবং পরে সকাল ৯টা ৪০ মিনিটে মধ্যনগর বাজার সংলগ্ন আখড়াঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীন নদী থেকে উত্তোলন করা প্রায় ১,৮০০ ঘনফুট বালু এবং সেটি পরিবহনের কাজে ব্যবহৃত নৌকাগুলো জব্দ করা হয়।
প্রথম অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের বাজিতপুর এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সেলিম মিয়া (৪৫), মো. শরীফ মিয়া (৪৫), লালু মিয়া (২৬), সোহাগ মিয়া (২৮), মো. নুরুজ্জামান (৪০), মো. হবি মিয়া (৪০), মো. কাবুল মিয়া (৩৮) ও ফেরদৌস (৪০)।
দ্বিতীয় অভিযানে গ্রেপ্তার করা হয় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মো. হবিকুল (৩৫), মো. নজরুল ইসলাম (৫০), মোফাজ্জল (৪৫), নয়ন (৩৫), খোকন (৪০), জামাল হোসেন (৩৮) ও জাহাঙ্গীর মিয়া (৩২)-কে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”





























