
আজহারুল ইসলাম মোহনগঞ্জএক শিক্ষার্থীর মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।আটকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন, পুলিশ ও ভুক্তভোগীর সাথে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইফোন কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌছার পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থীকে ছিনতাইকারীদের ধরতে নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে। তাদের কাছ থেকে মোবাইলফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন বলেন, আটককৃতরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে উঠে তারা। সুযোগ মতো ওই শিক্ষার্থীর মোবাইলফোন ছিনতাই করে। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।





























