
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে অবৈধভাবে জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকান উচ্ছেদ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন জানান, রামচন্দ্রপুর বাজারস্থ বাখরাবাদ মৌজায় বি.এস ৩০৬৫ নং দাগের গলী শ্রেণীর ০.০০৯০ একর ভূমিতে শামছুল হক ও মো: রাসেল গং কর্তৃক অবৈধভাবে নির্মিত ০২ টি দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত ভূমির আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। উচ্ছেদ করে গলি শ্রেণির ভূমি সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





























