
সফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা ও ৩ টি ট্রাক্টর অপসারণ করা হয়েছে। রবিবার রাত ১০.৩০ টায় উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ(পুনিয়াটন) এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন। এসময় কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট আইন ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী মো: হাবিব এবং মো: সুজন নামের ২ জনকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয় এবং ৩ টি ট্র্যাক্টর অপসারণ করা হয়। অভিযানে প্রয়োজনীয় আইনানুগ সহযোগিতা করেন মুরাদনগর থানা পুলিশ। জানা যায়, উপজেলায় মাটিখেকো অসাধু ব্যবসায়ীদের হাত থেকে তিন ফসলি কৃষিজমি রক্ষায় নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে মুরাদনগর উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন, কৃষিজমি রক্ষার্থে, দেশ ও দশের স্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।





























