
অবশেষে পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। রোববার (৪ মে) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। আধুনিক সুযোগ-সুবিধাসহ নতুনভাবে নির্মিত এই ভবন এখন থেকে পূর্ণাঙ্গভাবে পাসপোর্ট সেবা প্রদান শুরু হয়েছে।
জেলা প্রশাসক জানান, “এই অফিসে দালালচক্রের কোনো ঠাঁই নেই। পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। দালালদের বিষয়ে তথ্য পেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপপরিচালক মোহাম্মদ জামাল হোসেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১৮ জুলাই রাতে সংঘটিত ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অফিস ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয় এবং প্রায় ৮ হাজার প্রস্তুতকৃত পাসপোর্ট পুড়ে যায়। এর ফলে নারায়ণগঞ্জের পাসপোর্ট সেবায় বড় ধরনের বিঘ্ন ঘটে।
পরে নাগরিকদের কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অফিসে পাঠানো হলেও সেবাপ্রত্যাশীদের জন্য এটি ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং ভোগান্তিপূর্ণ। পুনঃচালুর ফলে পাঁচ উপজেলার মানুষ আবার নিজ জেলার মধ্যেই পাসপোর্ট সেবা পাবেন।
নতুন ভবনটি আগের তুলনায় আরও উন্নত, ডিজিটাল অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থায় আধুনিকায়ন আনা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব উন্নয়নের ফলে পাসপোর্ট প্রক্রিয়া আগের চেয়ে দ্রুত ও ঝামেলামুক্ত হবে।
পুনঃচালুর খবরে স্থানীয় নাগরিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের আবহ বিরাজ করছে।





























