
নারায়ণগঞ্জ জেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপির গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে পাওয়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। তবে দলীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব শিগগিরই ঘোষণা করা হবে।
গত বছর ১৮ জুন অনুষ্ঠিত সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি এবং গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু ৫ আগস্ট থেকে পটপরিবর্তনের পর তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটির সুপারিশের আলোকে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে।





























