
নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে একের পর এক অভিযান পরিচালিত হলেও কিছু স্থাপনায় অবৈধ ব্যবহারের প্রবণতা থামছে না। এবার সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে সিদ্ধিরগঞ্জে, যেখানে একটি ১০ তলা ভবনে ৩৬টি ডাবল চুলা অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল!
সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনটি পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে অভিযান চালানো হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় ছিল, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ি এলাকার সোনালী টাওয়ারের ১০ তলা ভবনে ৩৬টি ডাবল চুলার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস ব্যবহার করা হচ্ছিল। অভিযান চালিয়ে উৎস পয়েন্ট কিলিং করা হয় এবং ভবনের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নগরীর বিবি রোডে ‘হোয়াইট হাউজ’ রেস্টুরেন্ট পুনরায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চালু থাকায় উৎস পয়েন্ট কিলিং করা হয় এবং মালিকপক্ষকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, মাসদাইরে পূর্বে বিচ্ছিন্নকৃত ‘প্যানডামিক ফ্যাশন’ প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ নিয়ে অভিযোগ থাকলেও পরিদর্শনে গ্যাস ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি।
এই অভিযানে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মোহাম্মদ ইমরান, ভিজিলান্স বিভাগের নারায়ণগঞ্জ ডিজিএম প্রকৌশলী মোঃ শাহিদুর রহমান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





























